সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সিঙ্গাপুরেই একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকছেন তিনি। বাসার পাশের পার্কে প্রতিদিন হাঁটাচলা করছেন তিনি।
চলতি মাসের শেষের দিকে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সূত্র।
ভোরে ঘুম থেকে ওঠা কাদেরের দীর্ঘদিনের অভ্যাস। সে হিসেবে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে তার দিন শুরু হয় উল্লেখ করে ঘনিষ্ঠ ওই সূত্র আরও জানায়, দেশে ফেরার জন্য তার অপেক্ষা থাকে প্রতিদিন। তার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এছাড়া ব্যক্তিগত তিন থেকে চারজন কর্মকর্তা তাকে দেখাশোনা করছেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররা আগে জানিয়েছিলেন ওবায়দুল কাদের মধ্য এপ্রিলে দেশে ফিরে যেতে পারবেন। সে হিসেবে এখন তার দেশে আসার কথা। তবে এ সপ্তাহে নয়, পিছিয়েছে তারিখ।
উল্লেখ্য ৩ মার্চ রাতে ঢাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি বড় ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং পরানো) মাধ্যমে দ্রুত অপসারণ করেন চিকিৎসকেরা। তার চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে আসেন ভারতীয় বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। পরে তার পরামর্শে কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হয়।