মাদকাসক্ত ছেলের হাতে বন্দী পিতাকে মুক্ত করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বন্দী এক বৃদ্ধ পিতাকে মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী রবিন।

সোমবার সকালে শামসু ফকির নামের ওই বৃদ্ধকে শেকল বন্দী অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে শেকল  দিয়ে  তার হাত পা বেঁধে  রাখেন মাদকাসক্ত ছেলে জসিম উদ্দিন।

স্থানীয় সংবাদ কর্মী শফিউল ইসলাম আজাদ মাদকাসক্ত ছেলের হাতে শেকল বন্দী পিতার ঘটনাটি জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি  নজরে আসার পর সোমবার সকালে নিজে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেন ইউএনও নিকারুজ্জামান চৌধুরী রবিন।

ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে হাতে পায়ে শেকল বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।