শেষ সুযোগটাও নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানালেন, নির্বাচকদের বিশ্বকাপ দল ঘোষণা করে দিতে বলেছেন। সেই দল আজই ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু ১৫ সদস্যের ঘোষিত দলটাকেই ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল বলা যাবে না। আসলে তা বলার উপায় থাকবে না ২৩ মে পর্যন্ত। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ জুন।

গতকাল দুপুরে মিরপুরে নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবিপ্রধান। তারপর জানালেন, ‘এটাই বলার জন্য এসেছি। দলটা দেরি না করে দিয়ে দাও।’ আবাহনীর সুপার লিগের খেলা ছিল শেরেবাংলা স্টেডিয়ামে। ফিল্ডিং থেকে উঠে এসে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও বসেছিলেন বিসিবিপ্রধান, মিনহাজুল আবেদীন নান্নু ও তার সতীর্থ নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। তা সবকিছু যখন চূড়ান্ত, দলটাও পেয়ে গিয়েছেন তো সেটা জানিয়ে দিলেই হয়! বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান তা করলেন না, ‘উনাদের কাছ থেকেই জানা ভালো। আজ নাম বলার কোনো মানে হয় না কারণ কালকেই (আজ) আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছে।’

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল গড়া হয়েছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের। ব্যাপার হলো, ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ আয়োজক ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে ২৩ সদস্যের দল পাঠাতে হবে। কিন্তু ২৩ মে পর্যন্ত ইনজুরি বা নির্দিষ্ট অনুমোদিত কারণে খেলোয়াড় বদলের সুযোগ থাকবে। এ সুযোগটাই নেবে বাংলাদেশ।

‘২২ মে (আসলে ২৩ মে) পর্যন্ত সময় আছে। আমরা বদলাতে পারি।’ নাজমুল হাসান বলছিলেন, ‘আমাদের ট্রাইনেশনটা আছে। ওটা ১৮ তারিখ (আসলে ১৭ মে) শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো সময় আছেই। তাই আমি তাদের বলেছি একটা দল দিতে।’ পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানালেন বিসিবি অভিভাবক, ‘কয়েকটা কারণে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের যাদের নিয়ে চিন্তাভাবনা করছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না।’

তার পরের কথাটি কারও জন্য শঙ্কার এবং কারও কারও জন্য আশার। নাজমুল হাসানের ভাষায়, ‘মের ২২ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি কারও ইনজুরি থাকে, সে যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে। বা এখানে ভালো খেলছে না, কিন্তু ট্রাইনেশনে ভালো খেলছে, তাহলে ওদের আমরা নতুনভাবে সুযোগ দিয়ে দেখতে পারি। আমাদের একটা সুযোগ আছে, অপশন আছে এটা বদল করার।’ নাজমুলের পরের কথাটিতে বিশ্বকাপ দল নিয়ে সব ভাবনার ইতি টানা যায়, ‘এখন আমরা ১৫ জনের নাম দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা অপেক্ষা করছি ট্রাইনেশনের। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’