ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়েছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত মধ্যযুগে নির্মিত নটর ডেম ক্যাথেড্রালের উঁচু মিনার ও ছাদ। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, সোমবার আগুনে অনেকটাই ধ্বংস হয়ে গেছে ৮৫০ বছরের প্রাচীন এই ভবন।
তবে ক্যাথেড্রালের মূল কাঠামো ও দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে জানান কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয় বলে উল্লেখ করেন তারা। আরও বলছেন, চলমান সংস্কার কাজের সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে। ভবনটি রক্ষার জন্য ২০১৮ সালে ফ্রান্সের ক্যাথলিক চার্চ তহবিলের আহ্বান করেছিল।
সোমবার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ক্যাথেড্রালের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং ভবনের জানালা ধ্বংস করে দেয় তখন প্রকাণ্ড জোরে শব্দ শোনা যায়।
উঁচু মিনার খসে পড়ার আগে তা কাঠের তৈরি কাঠামো পুড়ে যায়। একটি বেল টাওয়ার ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য ৫০০ জন অগ্নিনির্বাপণকর্মী কাজ করে।
চার ঘণ্টা পরে অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান জ্যঁ-ক্লদে গ্যালেট বলেন, প্রধান কাঠামোটি পুরোপুরি ধ্বংসের কবল থেকে রক্ষা করা গেছে ও সংরক্ষিত আছে।
ক্যাথেড্রালের শিল্পকর্ম সংরক্ষণ এবং এর উত্তরাংশে টাওয়ার রক্ষার জন্য রাতভর সর্বাত্মক চেষ্টা চালানো হয়।
প্যারিসের মেয়র একে অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁ ঘটনাস্থলে পৌঁছে সকল ক্যাথলিক ও ফরাসি নাগরিকের জন্য তার সমবেদনার কথা জানান। তিনি বলেন, “আমাদের এই অংশটি পুড়তে দেখে আমার দেশের আর সবার মতো আমিও আজকের রাতে অত্যন্ত ব্যথিত।”
এর আগে টেলিভিশনে বক্তৃতা দেওয়ার কথা থাকলেও নটর ডেমের অগ্নিকাণ্ডের কারণে ম্যাক্রোঁ তা বাতিল করেন বলে তার কর্মকর্তারা জানান।
এদিকে ক্যাথেড্রালের আশপাশের রাস্তায় হাজার হাজার মানুষের অনেককে কাঁদতে দেখা যায়, একই সময়ে অন্যরা দুঃখ করছিলেন, কেউবা প্রার্থনা করছিলেন। রাজধানীর অনেক গির্জায় বেল বাজাতে শোনা যায়।
গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়। ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস ‘দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম’ ফরাসিদের কাছে নটর ডেম ডি প্যারিস হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। ক্যাথেড্রালটি সর্বশেষ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল ফরাসি বিপ্লবের সময়।