আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নুসরাত জাহান রাফি হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর নজরদারি করছেন।
মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ- ২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, “বিএনপি নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে। এটি অত্যন্ত দুঃখজনক। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের মুখে এমন কথা শোভা পায় না।”
বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে হানিফ বলেন, “বিএনপির লক্ষ্য হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। দেশের সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপি’র দাবির প্রেক্ষিত বিদেশে চিকিৎসার কথা বলা হয়েছে মেডিকেল বোর্ড যদি মনে করে তার উন্নত চিকিৎসার প্রয়োজন সেক্ষেত্রে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।”
তিনি বলেন, “খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ব্যক্তিগত, দলীয় নয় বলে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা থেকে বোঝা যায় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে।”
এই সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর এস এম মুসতানজিদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।