যুব সমাজের কল্যাণে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
ছাত্র সমাজের নেতাকর্মীদের ভালো করে পড়াশোনা করার পরামর্শ দিয়ে রওশন এরশাদ বলেন, রাত জেগে ফেসবুক ব্যবহার করা খারাপ। রাতে না ঘুমিয়ে ফেসবুকে সময় কাটিয়ে অনেক শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস হচ্ছে।
এসময় উপস্থিত নেতাকর্মীদেরকে রাত জেগে ফেসবুক ব্যবহার না করার প্রতিজ্ঞা করান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা।
একই সঙ্গে যুব সমাজের কল্যাণে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।
রওশন এরশাদ আরও বলেন, জাতীয় পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের বিরোধ নেই। চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশেই দল চলছে। সবাই মিলে দলের ঐক্য ধরে রাখতে হবে।