নববর্ষে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

নববর্ষের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোর ঘটনা নিয়ে মাগুরার শালিখা উপজেলার বৈখোলা গ্রামে মঙ্গলবার সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আবু নাসের (৪৫) নামে এক যুবক নিহত অপর ১৫ জন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম সংঘর্ষে আবু নাসের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে বৈখোলা গ্রামের শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির পাশের একটি মাঠে নববর্ষ উপলক্ষে পিকনিকের আয়োজন করে খায়রুল ইসলাম, ইকরাম মণ্ডল, আলী হোসেনসহ কিছু যুবক। সেখানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে রাজু আহম্মদ নামে একই গ্রামের অপর এক যুবকের সাথে বিরোধ হয় তাদের।

এ ঘটনায় পিকনিক আয়োজনকারীদের পক্ষে আলীবর্দী মণ্ডল নামে স্থানীয় এক মাতবর বিষয়টি নিয়ে সকালে রাজু আহম্মদকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়ের মধ্যে প্রথমে বাক বিতণ্ডা হয়। পরে এটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজু আহম্মদ ও আলীবর্দীর সমর্থনে গ্রামবাসীরা দু’গ্রুপে বিভক্ত হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

এ সময় আলীবর্দী গ্রুপের আবু নাসের (৪৫) নামে এক যুবকসহ উভয় গ্রুপের ১৬ জন জখম হয়। এদের মধ্যে গুরুতর জখম আবু নাসেরকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে স্থানীয় চিকিৎসকেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এ সময় আবু নাসেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার আরো অবনতি হয়। এ সময় সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে আবু নাসের অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান।

আহত ১৫ জনের মধ্যে শুকুর আলী (২৭), ইকবাল (২৫), হামিদ (৪৭), আবু তালেব (৫০), ইকলাস (৪৫), বাবর (৪০), হেকমত (৩২), খায়রুল (৩২), একরাম (২৬), আলী হোসেনকে (৩০) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।