বলাৎকারের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব মাদ্রাসা শিক্ষক কারাগারে

ফেনীর দাগনভূঞায় বলাৎকারে অভিযুক্ত শিক্ষক শহিদুর রহমানকে (৫৩) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দাগনভূঞা আমলী আদালতের বিচারক এস এম এমরান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, রবিবার রাতে দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী দারুল কোরআন ওয়াস-সুন্নাহ মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক শহিদুর রহমান ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক আবাসিক ছাত্রকে বলাৎকার করে। পরদিন বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। ওই দিন রাতেই নির্যাতনের শিকার শিশুর পরিবার দাগনভূঞা থানায় অভিযোগ দায়ের করেন।

কোরশমন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর পরিবার ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা সেনবাগের জয়ধর গ্রামে।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) সালেহ আহাম্মদ পাঠান জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি না করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।