নগরবাসীর কাছ থেকে গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায়ে বিশেষ কর্মসূচি নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে ১৫ দিনের ‘হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ’ উদ্বোধন করেন প্যানেল মেয়র-২ রজব আলী। কাউন্সিলর নিযাম উল আযিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর বেলাল আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এফ এম আঞ্জুমান আরা।
এ উপলক্ষে নগর ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি মনি চত্বর, সাহেববাজার হয়ে নিউ মার্কেট, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়।
এ ছাড়া নগর ভবন প্রাঙ্গণে চলছে মেলা। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে আজ থেকে ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আদায় ক্যাম্প পরিচালিত হবে। মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।