বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতাসহ আট দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

আন্দোলনের ২১তম দিনে গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। একই সঙ্গে চলে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা মো. জহিরুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ফের মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে গতকাল তৃতীয় দিনের মতো দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, ৫৮তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিলসহ আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইঙ্গিত করে উপাচার্যের ‘রাজাকারের বাচ্চা’ সম্বোধনকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত। ওই বক্তব্য প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এলে আন্দোলন আরও দানা বাঁধে। গত শনিবার বিভাগীয় প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগ বা তাকে ছুটিতে পাঠাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছিল। উপাচার্য ১৫ দিনের ছুটিতে গেলেও পদত্যাগের দাবি নাকচ করায় আন্দোলনে আছেন শিক্ষার্থীরা।