চট্টগ্রামের সদরঘাট এলাকায় এক কিশোরী পোশাককর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে চার নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক নিজাম উদ্দিন (৩০), তার স্ত্রী তানিয়া বেগম (২৭) এবং পপি বেগম (৩০), সোনিয়া বেগম (২২), মো. লিটন (২৯) ও ফিরোজা বেগম (৬৫)।
এর আগে গত সোমবার রাতে থানায় গিয়ে মামলা করেন ওই কিশোরী। এ বিষয়ে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নগরীর একটি পোশাক কারখানায় কাজ করত ওই কিশোরী। নিজাম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে গত ৯ মাস আগে তার সম্পর্ক হয়। প্রথম বিয়ের কথা গোপন করে অটোরিকশাচালক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
কিশোরীর বরাত দিয়ে ওসি আরও জানান, চলতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করা হয়। এ সময় কিশোরী বিয়ের জন্য চাপ দিলে নিজামের পরিবারের সদস্যরা মিলে তার চুল কেটে ও গায়ে আগুনের ছ্যাঁকা দেয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মামলা না করা শর্তে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কিশোরীকে ৭ এপ্রিল পশ্চিম মাদারবাড়ীর ওই বাসা থেকে বের করে দেওয়া হয়। সেদিন বিকেলে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা করতে পারেনি সে। পরে গত সোমবার কিশোরী এসে থানায় মামলা করে। এরপর পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে, যাদের সবাই অটোরিকশা চালক নিজামের নিকটাত্মীয়।