রিয়ালের ড্র জয়ে চারে উঠল আর্সেনাল

লা লিগায় সোমবার রাতে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে লেগানেসের বিপক্ষে। ৩২ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল জিনেদিন জিদানের দল। তবে ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে। একই দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে গানাররা।

ঘরের মাঠে প্রথমার্ধের ৪৫ মিনিটে এগিয়ে যায় লেগানেস। গোল করেন জোনাথন সিলভা। বিরতির পর ৫১ মিনিটে রিয়ালের হয়ে গোল শোধ দেন করিম বেনজেমা। চলতি মৌসুমে লা লিগায় এটি তার ১৮তম গোল।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা টিকিয়ে রেখেছে আর্সেনাল। পিয়েরে-এমেরিক ওবামেয়াংয়ের একমাত্র গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেয়েছে উনাই এমেরির দল। চলতি মৌসুমে লিগে প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচে কোনো গোল হজম করেনি গানাররা। তাদের পয়েন্ট ৬৬, তিনে থাকা টটেনহ্যামের ৬৭। আর এক ম্যাচ বেশি খেলে পাঁচে থাকা চেলসির পয়েন্টও ৬৬ কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে অল ব্লুজরা।