আইপিএলে গতকাল কিংস ইলেভেন পাঞ্জাব ১২ রানে হারিয়েছে রাজস্থান রয়ালসকে। আগের দুই ম্যাচ হারার পর আবারও জয়ে ফিরল তারা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তোলে পাঞ্জাব। জবাবে রাজস্থানের ইনিংস থামে ৭ উইকেটে ১৭০ রানে। এ জয়ে নয় ম্যাচ শেষে ১০ পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো রবিচন্দ্রন অশ্বিনের দল।
বড় টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান ৩৮ রানে জস বাটলারের (২৩) উইকেট হারায়। এরপর সঞ্জু স্যামসন (২৭) এবং দলীয় ১২৭ থেকে ১৩৩ রানের মধ্যে রাহুল ত্রিপাঠি (৫০), অ্যাস্টন টার্নার (০) ও জোফরা আর্চার (১) ফিরলে চাপে পড়ে রাজস্থান। অধিনায়ক অজিঙ্কা রাহানের (২৬) ও স্টুয়ার্ট বিনির ১১ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমায়। ম্যাচসেরা আশ্বিন ২৪ রানে ২ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে ক্রিস গেইলকে (৩০) ফেরান আর্চার। দ্বিতীয় উইকেটে নেমে মায়াঙ্ক আগারওয়াল ১২ বলে ২৬ রানের ছোট্ট ঝড়ো ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে লোকেশ রাহুল ও ডেভিড মিলার গড়েন ৮৫ রানের জুটি। রাহুল (৫২) আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন মিলার (৪০)। তার ২৭ বলের ইনিংসে ছিল ২টি করে চার-ছক্কা। শেষদিকে অধিনায়ক অশ্বিনের চার বলে অপরাজিত ১৭ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় পাঞ্জাব।