সুপ্রভাতের বাস চলার আবেদন ৩০ দিনে নিষ্পত্তির নির্দেশ

বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর পর বন্ধ করা সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতির আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সড়ক কর্র্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদন নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা।

গত ১৯ মার্চ সকালে রাজধানীর প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে সুপ্রভাতের একটি বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার; এরপর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন সুপ্রভাতের ১৬৩টি বাস চলাচল বন্ধ করে দেয় বিআরটিএ। এরপর গত ১ এপ্রিল বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’কে চিঠি দেয় সুপ্রভাত কর্র্তৃপক্ষ।

আইনজীবী দুলাল জানান, বাস চলাচলের অনুমতি না পাওয়ায় গত ৮ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে চিঠির বিষয়টি নিষ্পত্তির সময় বেঁধে দিয়ে বিআরটিএ’কে আইনি নোটিস পাঠানো হয়। নোটিসের জবাব না পেয়ে গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত আজ (গতকাল) ৩০ দিনের মধ্যে চিঠির বিষয়টি নিষ্পত্তির আদেশ দিয়েছে।