কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

কিশোরগঞ্জ পৌরশহরের গাইটাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাগর মিয়া (২৭) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাখুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর শহরের হারুয়া এলাকার মো. বকুল মিয়ার ছেলে। সাগর কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে বটতলা মোড়ে এলাকার একটি মুদির দোকানের কর্মচারী ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে কিছু দুর্বৃত্ত সাগরকে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর হারুয়া এলাকায় ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে উত্তেজিত এলাকাবাসী হারুয়া চৌরাস্তার মোড়ে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।