বিজিএমইএ ভবন ভাঙা পেছাতে সময় আবেদন প্রত্যাহার চেয়ে নোটিশ

রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার উদ্যোগ পেছাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিজিএমইএ’র করা সময়ের আবেদন প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বিজিএমইএ কর্তৃপক্ষের উদ্দেশে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে ওই আবেদন ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চাওয়া হয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।

সম্প্রতি বিজিএমইএ ভবন ভাঙার উদ্যোগ শুরু করে রাজউক। ২০১১ সালের এপ্রিলে এই ভবনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে বিজিএমইএ কর্তৃপক্ষ আপিল করলে তা খারিজ হয়ে যায়।

রায়ে বলা হয়, বিজিএমইএ নিজ উদ্যোগে ভবন না ভাঙলে রাজউক এই ভবন ভাঙার উদ্যোগ নেবে এবং এ সংক্রান্ত খরচ বহন করবে বিজিএমইএ। আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনও ২০১৭ সালের ৫ মার্চ খারিজ হয়ে যায়।

এরপর ২০১৮ সালের ২ এপ্রিল মুচলেকা দিয়ে ভবন ভাঙতে এক বছর সময় পায় বিজিএমইএ। গত ১১ এপ্রিল ভবন ভাঙতে ফের সময়ের আবেদন করে বিজিএমইএ।