ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত করে আনসারউল্লাহ বাংলা টিমের পরিচয়দানকারী দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার দুপুরের দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ওই দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আসামিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামের নাহিদ মোল্লা (২২) ও সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা (৩৫)।
ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি বাবু মৃধা জানান, ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে নাহিদ মোল্লাকে ভাঙ্গা বাজার এলাকা হতে হাতবোমা ও জিহাদি বইসহ গ্রেপ্তার করে ভাঙ্গা থানার পুলিশ। তিনি নিজেকে আনসারউল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য বলে পরিচয় দেন।
নাহিদ জানান, ফরিদপুরে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান ফরিদ মৃধা। ফরিদ তাদের অস্ত্র চালানো ও শারীরিক প্রশিক্ষণ দেয়। তার দেওয়া তথ্য মতে, ওইদিন রাত ৯টার দিকে সদরপুরের আলমনগরস্থ নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি সুটার গান, চারটি গুলি ভর্তি ম্যাগজিন, ১২টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় ফরিদ মৃধাকে।
পরদিন ২৭ আগস্ট ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী সালাহউদ্দিন বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।