নটর ডেম ক্যাথেড্রাল আরও সুন্দর করে গড়ে তোলা হবে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ জানিয়েছেন। আগামী পাঁচ বছরের মধ্যেই এ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবিসি জানায়, সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকটাই ধ্বংস হয়ে গেছে প্যারিসে অবস্থিত মধ্যযুগে নির্মিত নটর ডেম ক্যাথেড্রাল। আগুনে ৮৫০ বছরের প্রাচীন এই ভবন উঁচু মিনার ও ছাদ ধসে পড়ে।
তবে সামান্য সময়ের জন্য ক্যাথেড্রালের মূল কাঠামো ও দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে জানান কর্মকর্তারা।
সোমবার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ক্যাথেড্রালের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং ভবনের জানালা ধ্বংস করে দেয় তখন প্রকাণ্ড জোরে শব্দ শোনা যায়।
মঙ্গলবার সন্ধ্যায় এক টিভি ভাষণে প্রেসিডেন্ট ম্যাখোঁ জানান, ২০২৪ সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকের আগেই তিনি এ ক্যাথেড্রাল পুনর্নির্মাণ করতে চান।
তিনি বলেন, আমরা আরও নান্দনিকভাবে নটর ডেম গড়ে তুলব। আমি চাই পাঁচ বছরের মধ্যেই এ কাজ শেষ হব। আমরা এটা করতে চাই।
ক্যাথেড্রালটির পুনর্নির্মাণের জন্য শিগগিরই একটি আন্তর্জাতিক তহবিল সংগ্রহের ঘোষণাও দিতে যাচ্ছেন বলে তিনি জানান।
তবে বিশেষজ্ঞদের মতে মাত্র পাঁচ বছরে এটি পুনর্নির্মাণ করা সম্ভব নয়। এক হাজার বছর পুরোনো স্ট্রাসবুর্গ ক্যাথেড্রাল সংস্কার কমিটির প্রধান এরিক ফিশার বলেন, নটর ডেম পুনর্নির্মাণ করতে কয়েক দশক লেগে যেতে পারে।
ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও পুনর্নির্মাণের প্রতিষ্ঠানসমূহের প্রধান ফ্রেডেরিক লেটোফের মতে, ক্যাথেড্রাল পুনর্নির্মাণের সময়সীমা ১০ থেকে ১৫ বছর হওয়া উচিত। নির্মাণ কাজ শুরুর আগে স্থাপণাটির সুরক্ষা নিশ্চিত করতে আরও অনেক কাজ আছে।
৫০ জনের একটি দল তদন্ত চালাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয় বলে উল্লেখ করেন তারা। তাদের মতে, চলমান সংস্কার কাজের সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে।
প্যারিসের পাবলিক প্রসিকিউটর রেমি হিটস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনা থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হতে পারে।
ভবনটি রক্ষার জন্য ২০১৮ সালে ফ্রান্সের ক্যাথলিক চার্চ তহবিলের আহ্বান করেছিল। ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত ভবনটির সংস্কারের জন্য ইতিমধ্যে ৯০২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কিছু কোম্পানি ও ধনকুবের ব্যক্তিরা।