ইন্দোনেশিয়ায় টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট জোকো

ইন্দোনেশিয়ায় টানা দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন জোকো উয়িদোদো। তিনটি প্রতিষ্ঠানের বুথ ফেরত জরিপে তিনি এগিয়ে আছে প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো থেকে।

২০১৪-র নির্বাচনেও এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন জোকো।

বিবিসি জানায়, বুধবার একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচনে ইন্দোনেশিয়ায় ভোট গ্রহণ শুরু হয়।  দেশটির নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের জন্য ১৯২ মিলিয়নেরও বেশি মানুষ এদিন ভোট দেয়।

মে মাসের আগে আনুষ্ঠানিক ফলাফল জানা না গেলেও 'দ্রুত ফলাফল' জানানোর জরিপ চালায় ভোট গণনা প্রতিষ্ঠানগুলো। গত কয়েক নির্বাচনে তাদের জরিপই সত্য বলে প্রমাণিত হয়েছে।

নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিকে পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী জোকো উয়িদোদো (৫৭) এবং  গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী জেনারেল প্রাবোও সুবিয়ান্তো (৬৭)।

স্থানীয় পত্রিকা কমপাসের সহায়তায় বিবিসির জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট জোকো পেয়েছেন প্রায় ৫৫ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবোও পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

জাকার্তা পোস্ট জানায়, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং সাইরাস নেটওয়ার্কের বুথ ফেরত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট জোকোর প্রাপ্ত ভোট ৫৫.৪ শতাংশ এবং জেনারেল প্রাবোও পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট। দেশটির ৩৪ প্রদেশের ২০০২টির ভোট কেন্দ্রে জরিপ করে এ ফলাফল দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

দেশটিতে এবারই প্রথম প্রেসিডেন্ট, পার্লামেন্টে ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোট একইদিনে গ্রহণ করা হয়। নির্বাচনে জাতীয় ও স্থানীয় পরিষদের প্রায় ২০ হাজার আসনের জন্য দুই লাখ ৪৫ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারা দেশে আট লাখ ১০ হাজার ভোট কেন্দ্রে দেশটির মানুষ ভোট দেয়।