সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জিয়া শিশু একাডেমী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিয়া শিশু একাডেমীর উক্ত অনুষ্ঠানে দশম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি-২০১৮’ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মির্জা ফখরুল আলোচনা সভায় বলেন, ‘আমরা কেনো এই হিংসা, এই প্রতিহিংসা, এই বিদ্রূপ, এই হত্যাযজ্ঞের মধ্যে নেমে পড়েছি। কেনো আমাদের রাফিকে (নুসরাত জাহান রাফি) এভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেনো? আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদেরই দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে আমরা ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি তোমাদের(উপস্থিত শিশুদের) নিরাপত্তা দিতে’।
তিনি আরও বলেন, ‘তারপরেও আমি স্বপ্ন দেখি- অবশ্যই এই বাংলাদেশ একটা সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আমি স্বপ্ন দেখি- এই শিশুরা তারা নির্ভয়ে বিচরণ করবে, কোথাও তাদের প্রতি আঘাত আসবে না, আমাদের মেয়েদের পুড়িয়ে মারা হবে না- এই স্বপ্নগুলো আমরা দেখি’।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে- এই ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। জীবনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা ভয়ংকরভাবে বৃদ্ধি পেয়েছে’।
অনুষ্ঠানে আগত পুরস্কারপ্রাপ্ত ও অংশগ্রহণকারী শিশু কিশোরদের উদ্দেশে অধ্যাপক এমাজ উদ্দিন বলেন, ‘ভালো ছাত্র-ছাত্রী হও, শত শত রুচিশীল ভালো মানুষ হও। সমাজ কল্যাণের দিকে তোমাদের দৃষ্টি পতিত হোক, মুক্তিযুদ্ধের সময়ে যে বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম, সেই বাংলাদেশ আমরা ফেরত পেতে চাই। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে পেতে চাই, আইনের শাসনকে আমরা ফিরে পেতে চাই, প্রত্যেকের অধিকার নতুন ভাবে ফিরে পেতে চাই’।
একাডেমীর মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে শাহরিয়ার সোহাগ ও সামিনা আখতারের পরিচালনায় এই আলোচনা সভায় শিল্পী শফি মন্ডল, পরিচালক ছটকু আহমেদ, সংগীত শিল্পী জিনাত রেহানা, অভিনেত্রী রিনা খান ও শিশু প্রতিযোগী পিয়ানু মিত্র প্রমুখ বক্তব্য রাখেন।