সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগের চেয়ে একটু ভালো আছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চিকিৎসকেরা বোর্ড বসে পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া ঠিক করবেন। দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন সুবীর নন্দীর আত্মীয় তৃপ্তি কর।

গতকাল বিকেল ৫টায় তৃপ্তি কর দেশ রূপান্তরকে বলেন, ‘আমি সারা দিন হাসপাতালেই ছিলাম। ডাক্তার তো ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানা যাবে। তবে অবস্থা ভালোর দিকেই আছে, সবাই আশীর্বাদ করবেন।’

গত রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় সুবীর নন্দীকে। মৌলভী বাজার থেকে ঢাকা ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন সুবীর নন্দী। ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহি সুবীর নন্দীর চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় মা পুতুল রানীর কাছে সংগীতের হাতেখড়ি। পরে উস্তাদ বাবর আলী খানের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। সিলেট বেতারে তিনি প্রথম গান করেন ১৯৬৭ সালে। এরপর ঢাকা রেডিওতে সুযোগ পান ১৯৭০ সালে। রেডিওতে তার প্রথম গান 'যদি কেউ ধূপ জ্বেলে দেয়'। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য গান।

১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার গানে প্রথম কণ্ঠ দেন। ১৯৭৮ সালে সাবিনা ইয়াসমিন ও সুবীর নন্দীর কণ্ঠে ‘মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। সুবীর নন্দীর কণ্ঠে ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আশা ছিল মনে মনে’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘বন্ধু তোর বরাত নিয়া’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, একটা ছিল সোনার কইন্যা’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’ গানগুলো শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে। তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ১৯৮১ সালে।

১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন সুবীর নন্দী।