দিমুথ করুনারত্নকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারই বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দেশটিকে।
বাঁ-হাতি ওপেনার করুনারত্নে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। সব মিলে মাত্র ১৭ ওয়ানডে খেলেছেন তিনি। তবে টেস্ট খেলেছেন ৬০টি। ১৭ ওয়ানডেতে ১৫.৮৩ গড়ে ১৯০ রান করুনারত্নের। ফিফটি মাত্র ১টি। তবে ১২০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৪.৩৪ গড়ে ৩৫৩৮ রান। ২০টি ফিফটির সঙ্গে রয়েছে ৬টি ফিফটি।
বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জেতা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। দিনেশ চান্ডিমালের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।
শেষ ক’মাসে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে অবশ্য মিউজিক্যাল চেয়ারের খেলা চলেছে। দলটির শেষ চার সিরিজে তিনজন অধিনায়ক দেখেছে দর্শকেরা।
তবে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল ও লাসিথ মালিঙ্গার চেয়ে করুনারত্নের ওপরই আস্থা রাখল লঙ্কান ক্রিকেটে বোর্ড। এর মধ্যে চান্ডিমাল ও মালিঙ্গার সঙ্গে কিছু ক্রিকেটারের শীতল সম্পর্কের বিষয় উঠে এসেছে। আর ক্রিকইনফো জানিয়েছেন ম্যাথুস নিজেই নাকি অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাননি।
শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড এখনো ঘোষণা করেনি।