নিরপরাধ জাহালমের কারাবাস

দায়ী শনাক্তে দুদকের প্রতিবেদন চায় হাইকোর্ট

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় নিরপরাধ জাহালমের তিন বছর কারাবাসের জন্য কারা দায়ী তা জানতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ প্রতিবেদন চেয়েছে আদালত। গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

জাহালমের পক্ষের আইনজীবী অমিত দাস গুপ্ত দেশ রূপান্তরকে বলেন, জাহালমকে হাজির করা এবং তার কারাভোগসংক্রান্ত আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল গতকাল। পাশাপাশি সোনালী ব্যাংকের ৩৩টি মামলার সব নথি তলব করেছিলেন আদালত। জাহালমকে হাজির করা হলেও বিচারিক আদালত নথি প্রস্তুত না করায় হাইকোর্টে উপস্থাপন করা যায়নি। শুনানি শেষে আদালত আগামী ২ মে দুদকের অভ্যন্তরীণ প্রতিবেদনসহ এসব নথি জমা দিতে বলেছে।

তিনি বলেন, ‘দুদকের আইনজীবী আদালতকে জানান যে, জাহালমের কারাবাসের বিষয়ে তাদের অভ্যন্তরীণ প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তখন ওই প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়ে বিচারকরা বলেন, নিরপরাধ জাহালমের কারাবাসের জন্য কারা দায়ী তা তারা দেখতে চান।’