কেবল অপারেটরদের বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকে বেআইনিভাবে নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন, সিনেমা, গান ইত্যাদি প্রচার না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক ও অতিরিক্ত সচিব মিজান-উল-আলম এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইনগতভাবে কেউ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। ডাউলিংকের অনুমতি যারা পেয়েছেন তাদের নোটিস করা হয়েছে, তারা জবাব দিয়েছেন। কিছু ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। বাকি ব্যবস্থা কতটা কীভাবে করবেন এ ব্যাপারে তারা ১৫ দিন সময় চেয়েছেন এবং আমরা সেই সময় মঞ্জুর করেছি।’