অনলাইনে অশ্লীল ভিডিও প্রকাশের দায়ে ট্যাটুকারী যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. তরিকুল ইসলাম বাদশাহ ওরফে বাদশা ট্যাটু (৩৮)। তাকে মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল বুধবার ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান দেশ রূপান্তরকে জানান, বাদশা ট্যাটুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা হয়েছে। গতকাল এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।