চুপিসারে বাগদান, তৃতীয় বিয়ের অপেক্ষায় শ্রাবন্তী

সাংবাদিকেরা যখন জানলেন, তখন বাগদান ‘অতীতে’র ঘটনা। অনেক আত্মীয়স্বজনও টের পাননি সোমবার টলিউড নায়িকা শ্রাবন্তীর আবার বাগদান হয়েছে!

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়েটাও দ্রুত সেরে ফেলতে যাচ্ছেন এই নায়িকা। আর সেটা শুক্রবারেই।

বিয়ে নিয়েও থাকছে লুকোচুরি। কলকাতায় কোনো অনুষ্ঠান হচ্ছে না। একেবারে সেই চণ্ডীগড়ে। যেখানে বর রোশনের বাড়ি। রোশন পেশায় একটি এয়ারলাইনসের কেবিন ক্রু সুপারভাইজার।

এর আগে দুইবার বিবাহবিচ্ছেদ হয় শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ২০০৩ সালে।  

শ্রাবন্তীর দাবি, রাজীব তাকে নানাভাবে নির্যাতন করতেন। বিবাহ বহির্ভূত সম্পর্কও নাকি ছিল তার। আর সে কারণেই বিচ্ছেদ। রাজীব-শ্রাবন্তীর ছেলে রয়েছে। তার নাম ঝিনুক। সে মায়ের সঙ্গেই থাকে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। তখন শোনা যাচ্ছিল, দুজনে একসঙ্গে ছবিও করবেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে শুরু হয় মনোমালিন্য। গত বছর এই বিয়ে কেন ভেঙেছিল, সেটি এখনো জানা যায়নি।