ট্রাম্পের ‘অনুপ্রেরণায়’ আইন পেশায় কিম

কখনো বড় পর্দায়, কখনো ছোট পর্দায়। কখনো বা সামাজিক যোগাযোগমাধ্যমে। কিম কার্দাশিয়ান হরহামেশা ঝড় তোলেন সবখানে। বৈচিত্র্যময় জীবন-যাপন করা এই মার্কিন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব এবার আইনজীবী হতে যাচ্ছেন। তার কথা থেকে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুপ্রেরণায় এই পেশায় আসতে যাচ্ছেন তিনি।

ট্রাম্পের সঙ্গে কিমের সম্পর্ক বেশ ভালো। ২০১৮ সালে কারাগার সংস্কার নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান তিনি।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আইনজীবী হতে হোয়াইট হাউস থেকে তাকে অনেক অনুপ্রেরণা দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম বলছে, আসলে এই অনুপ্রেরণা তিনি ট্রাম্পের কাছ থেকে পেয়েছেন।

‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। এরপর নিজের ক্যারিয়ারকে নিয়ে যান অন্য এক উচ্চতায়।

আইনজীবী হওয়ার জন্য ইতিমধ্যে নিজের ফোন নম্বর বদল করে পড়াশোনা শুরু করেছেন। বাইরের কারো সঙ্গেই যোগাযোগ রাখছেন না।

২০১৮ সালে তিনি সান ফ্রান্সিসকোর একটি ফার্মে ইন্টার্নশিপ শুরু করেন। চার বছরের ইন্টার্নশিপ শেষ করে ২০২২ এ দিতে চান পরীক্ষা।