গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া।
৬৯ বছর বয়সী গার্সিয়ার বিরুদ্ধে ব্রাজিলের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। গত সপ্তাহে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল। বুধবার পুলিশ গ্রেপ্তার করতে গেলে তিনি মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেন।
গার্সিয়া প্রথম মেয়াদে ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বিবিসি জানায়, দ্বিতীয় মেয়াদের সময় রাজধানী লিমাতে একটি মেট্রো রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া জন্য তিনি ব্রাজিলের ‘ওদেব্রাচ’ কোম্পানি থেকে ঘুষ নিয়েছিলেন।
গার্সিয়া সব সময় ঘুষ না নেওয়ার দাবি করেছেন। তার অভিযোগ, রাজনীতির ‘নোংরা খেলায়’ তাকে ফাঁসানো হয়েছে।