পাবনায় স্কুলছাত্রী ধর্ষণে অটোরিকশা চালক গ্রেপ্তার

পাবনার আমিনপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশা চালক জহুরুল ইসলামকে (২৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার সকালে ঢাকার শান্তিবাগ শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর রাতে আমিনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন পাবনার বেড়া উপজেলার দীঘলকান্দি থেকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী কাশিনাথপুর যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। অটোরিকশা চালক জহুরুল ইসলাম ও তার বন্ধু আল-আমিন ওই স্কুলছাত্রীকে কাশিনাথপুর না নামিয়ে পাবনার সাঁথিয়া থানাধীন একটি নির্জন বাবলা বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা তদন্ত শুরু করে।

বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর শান্তিবাগের শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জহুরুলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, “জহুরুল ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”