বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র প্রকাশ হয়েছে বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।
দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাড. মাহবুব আলম শাহীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “শাহীন হত্যার ঘটনায় শুধু বগুড়ায় নয় সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। নিহত শাহীনের কোনো শত্রু ছিল না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কারণে বগুড়াবাসী আজ ক্ষুব্ধ।”
তিনি বলেন, “পুলিশ প্রশাসন শাহীনের প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বগুড়াবাসী বসে থাকবে না।”
বৃহস্পতিবার বেলা ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে বগুড়ায় আসেন। তিনি শহরের ধরমপুরে নিহত শাহীনের বাসভবনে যান। সেখানে তিনি নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম ও সিয়াম, মেয়ে সুজনা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, “শাহীন একজন জনপ্রিয় নেতা ছিলেন, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়াকে এই হত্যাকাণ্ডের বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছেন। নিহত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।”
নিহতের পরিবারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “বিএনপি আপনাদের সঙ্গে আছে। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ্যড. রুহুল কুদ্দুস দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর নেতাদের নিয়ে শাহীনের কবর জিয়ারত করেন। এরপর মির্জা ফখরুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে দেখতে যান।