আহমেদ শরীফকে ৩৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ ও  তার স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আহমেদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুদানের চেক গ্রহণের পর আহমেদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি অনেক আনন্দিত যে প্রধানমন্ত্রী সব সময় আমাদের খবর রাখেন। শুধু আমি নই, সব সময় আমাদের শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। আমি স্ত্রীকে নিয়ে খুব তাড়াতাড়ি দেশের বাইরে চিকিৎসা করতে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সুস্থ দেহ নিয়ে দেশের মানুষের সেবার করতে পারেন।’

উল্লেখ্য, ১৯৪৩ সালের ১২ আগস্ট আহমেদ শরীফ জন্মগ্রহণ করেন। এ যাবৎ প্রায় আট শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেনমোহর, তিন কন্যা, বন্দুক প্রভৃতি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক ও টেলিফিল্ম পরিচালনা করেছেন।