নারায়ণগঞ্জে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী শিক্ষার্থী (১৬) কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় বন্দর উপজেলার মাধবপাশা এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক জামাল (৩২) এর বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
বন্দর থানা পুলিশ জানায়, উপজেলার ফরাজিকান্দা এলাকার প্রতিবন্ধী কিশোরী মেয়ে একই এলাকার ফরাজিকান্দা অটিজম চাইল্ড কেয়ার স্কুলে লেখাপড়া করে আসছে। প্রতিদিনের মতো বুধবার সকাল দশটায় সে স্কুলে আসে। স্কুল চলাকালীন সময় বিকেল সাড়ে তিনটায় আইসক্রিম খাওয়ার জন্য ওই কিশোরী স্কুলের সামনের একটি দোকানে যায়। এ সময় ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত লাট মিয়ার ছেলে জামাল (৩২) আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে মাধবপাশা এলাকার টিপু মিয়া নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি তার অভিভাবকদের কাছে জানায়। পরে তার অভিভাবকেরা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
এ ব্যাপারে ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক জামালকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে ধর্ষণের ঘটনার পর থেকে ধর্ষক জামাল পলাতক রয়েছে।
বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে জানান, প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষক জামালকে গ্রেপ্তারের চেষ্টা করছে।