কিশোরগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মিঠু মিয়া (৩৫) ও সুমন মিয়া (৩৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিটা হাওরে এ ঘটনা ঘটে। নিহত মিঠু বাজিতপুরের বেলভিটা গ্রামের মঈনুদ্দিনের ও সুমন রেনু মিয়ার ছেলে। আহতরা হলেন রাবেয়া বেগম (৪৫) ও করিম মিয়া (৬০)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান জানান, সকালে তারা বোরো ফসলের ক্ষেতে নিড়ানি দিতে বেলভিটা হাওরে যান। এ সময় ক্ষেতে প্রবেশের পথে ছিঁড়ে থাকা রঞ্জু মিয়ার মৎস্য খামারের নেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তারা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠু ও সুমনকে মৃত ঘোষণা করেন। রাবেয়া ও করিমকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।