সভায় আরএমপি কমিশনার

মাদকে পুলিশের সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা

শহরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির। এক্ষেত্রে পুলিশ সদস্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এই কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আরএমপি কমিশনারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হুমায়ুন কবির বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। আগামী ২০ থেকে ৩০ এপ্রিল ১০ দিন পুলিশের বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানের প্রধান টার্গেট থাকবে মাদক কারবার। মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবে না।’ তিনি বলেন, ‘পুলিশ এখন তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ। অপরাধী যে ধরনের অপরাধ করুক না কেন ধরা পড়তেই হবে।’