ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে তিনটি কমিটি হচ্ছে। এগুলো হচ্ছে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ কেন্দ্রীয় কমিটি, কারিগরি কমিটি ও পরিদর্শন কমিটি। গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনে অগ্নিনির্বাপণ বিষয়ে এক মতবিনিময় সভায় মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ‘ঢাকা উত্তরের সকল ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’ এ লক্ষ্যে সরকারি-বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে কাজ করার কথা জানান মেয়র।
সভায় জানানো হয়, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। আরও থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ, অগ্নিনিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী-প্রতিষ্ঠানের প্রতিনিধি। বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে অগ্নিনিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী-প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কারিগরি কমিটি গঠন করা হবে। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ইতিমধ্যে গঠিত হওয়া পরিদর্শন কমিটিতে অগ্নিনিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান, ইমকাই এন্টারপ্রাইজের উপদেষ্টা এস এম নুরুল হক, প্রধান নির্বাহী মো. গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির করিম, এলিভেট গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মামুন জামান প্রমুখ উপস্থিত ছিলেন।