ঘরে আগুনে পুড়ে নারীর মৃত্যু

ঘরে আগুন লেগে শাহীনা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার মাইজপাড়ার রাজার পুকুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত শাহীনা একই এলাকার মো. মুছার স্ত্রী।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিন কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর পুড়ে গেছে। এ সময় ঘরের ভেতর থাকা শাহীনা বের হতে পারেননি। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।