হার্ট ফাউন্ডেশনের জরিপ

তামাকপণ্যের কোনো দোকানেই শতভাগ আইন মানা হয় না

তামাক বিক্রি হয় দেশের এমন কোনো দোকানেই শতভাগ তামাক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মানা হয় না বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল তুলে ধরে ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডা. আহমাদ খায়রুল আবরার এ তথ্য জানান।
তিনি জানান, দোকানগুলোতে তামাকপণ্যের স্টিকার, পোস্টার, ব্র্যান্ডিং মার্ক ও ব্যানার ছাড়াও তামাকপণ্যের ব্র্যান্ড সংবলিত ডিসকাউন্ট কুপন, উপহারসামগ্রী, দোকানির গেঞ্জি ছিল, যা তামাকপণ্যের পরোক্ষ বিজ্ঞাপন। তা ছাড়া আজকাল অনেক দোকানেই ‘এখানে ন্যায্যমূল্যে সিগারেট পাওয়া যায়’Ñ এমন স্টিকার দেখা যায়। এটাও একধরনের বিজ্ঞাপন, যা আইনে নিষিদ্ধ।
সেমিনারে বক্তারা বলেন, দেশে প্রতি বছর যত মানুষ মৃত্যুবরণ করেন তার এক-তৃতীয়াংশের জন্য দায়ী হৃদরোগ। আর এই হৃদরোগের অন্যতম প্রধান কারণ তামাক সেবন। তামাক সেবনে হৃদরোগ ছাড়াও ক্যানসার, ফুসফুসের রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বক্তারা ২০১৩ সালের সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের’ যথাযথ প্রয়োগ চান। ওই আইনে তামাকপণ্যের প্রত্যক্ষ-পরোক্ষ যেকোনো বিজ্ঞাপন প্রদর্শন, প্রচার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড ও সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।