ভুল করে বিজেপিকে ভোট দিয়ে অনুতাপে আঙুল কর্তন!

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছিলেন। সামান্য মনযোগ বিঘ্নের কারণে নিজের পছন্দের বাইরের প্রতীকে টিপ পড়ে যায়। সম্ভবত প্রতীকটি ছিল খুবই অপছন্দের। তাই অনুতাপে নিজের আঙুলই কেটে ফেললেন যুবক।

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বৃহস্পতিবার এমনই এক অদ্ভুত ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।

জিনিউজ জানায়, ইভিএমে বহুজন সমাজ পার্টির (বসপা) হাতি প্রতীকের বোতাম টিপতে গিয়ে ভুল করে বিজেপির প্রতীক পদ্ম ফুলে চাপ পড়ে যায়। অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির ওই সমর্থক।

জানা গেছে, শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার পছন্দের প্রতীকে বোতাম টিপতে গিয়ে ভুল করে বসেন। হাতির পরিবর্তে ভুলে তিনি পদ্ম ফুল প্রতীকের বোতামে চাপ দিয়ে দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট গিয়ে পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।

এলাকাবাসী জানায়, এতে খুবই অনুতপ্ত হন পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন।

এবার বুলন্দশহরে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) এবং আরএলডি জোট বনাম বিজেপির মধ্যে।

এদিকে বৃহস্পতিবার ভোট শুরু হতেই গোলমাল পাকিয়ে ফেলেন বিজেপি প্রার্থী ভোলা সিং। একটি বুথে গিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চেয়ে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়।