আদর করতে গিয়ে সিংহের পেটে যাচ্ছিল গোটা হাত (ভিডিও)

খাঁচার সিংহকে আদর করে যাচ্ছিলেন এক পর্যটক। এক সিংহের গায়ে আদর বুলিয়ে দিয়ে আরেক সিংহের দিকে হাত বাড়ানো মাত্রই ঘটে গেল বিপত্তি। ওই সিংহ আচমকা মুখের মধ্যে পুরে নেন পর্যটকের গোটা হাত।

এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ আফ্রিকায় এক সাফারি পার্কে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ৫৫ বছর বয়সী পর্যটক পিটার নর্তে। সিংহ দেখতে একটি গাইড ট্যুরের ব্যবস্থা করেন। জঙ্গল সফরের সময় তিনি সিংহের একটি খাঁচায় তাদের আদর করতে গিয়ে হাত ঢোকান। সেই দৃশ্য ভিডিও করছিলেন তার স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, খাঁচায় হাত ঢুকিয়ে একটি পুরুষ সিংহকে আদর করছেন পিটার। তার স্ত্রী সামান্য দূরে দাঁড়িয়ে তা ভিডিও করছেন। পুরুষ সিংহের কাছেই ছিল তার সঙ্গিনী সিংহীটিও।

সিংহটিকে কিছুক্ষণ আদর করার পর তিনি একপর্যায়ে সিংহীটির দিকেও হাত বাড়িয়ে দেন। তারপরেই ঘটে সেই ভয়ানক বিপত্তি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সিংহীটি পিটারের ডান হাতে দাঁত বসিয়ে দিয়েছে। এমনকি তার হাত কামড়ে নিজের খাঁচার দিকে টানতে থাকে ওই সিংহী।

এদিকে পিটার যন্ত্রণায় আর্তনাদ করছেন কিন্তু কিছুতেই সিংহীর কামড় থেকে নিজেকে ছাড়াতে পারছেন না। আকস্মিক এ ঘটনায় চিৎকার করতে থাকেন তার স্ত্রীও।

তবে খুব খারাপ কিছু হওয়ার আগেই ওই সিংহী পর্যটকের হাত ছেড়ে দেয়। প্রায় পাঁচ সেকেন্ডেরও বেশি হাত কামড়ে ধরে রেখেছিল সিংহীটি। পরে সে নিজেই কামড় আলগা করে পিটারকে মুক্তি দেয়। ঘটনার পরপরই পিটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে কর্তৃপক্ষে দাবি, “সর্বত্র সতর্কবার্তার চিহ্ন রয়েছে। সিংহকে স্পর্শ করার জন্য বৈদ্যুতিক বেড়া পার করে পিটার তার হাত ঢুকিয়ে দিয়েছিলেন। ফলে তাকে কামড় খেতে হয়েছে।”