না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজান। ১৮ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে মিজানের মেয়ের বরাত দিয়ে দেশ রূপান্তরকে পরিচালক শফিক হাসান বলেন, ‘নিত্যদিনের মতো আজও বিকেলের দিকে নিজের ঘরে ঘুমান মিজান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঘরে গিয়ে দেখা যায়, নিথর পড়ে রয়েছেন তিনি।’ পরে ডাক্তাররা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মিজানের।
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শেষবারের মতো এফডিসিতে আনা হয় মিজানকে। এখানে তার জানাজার নামাজে অংশ নিয়েছেন তার কর্মস্থলের প্রিয়জনেরা। এর আগে শুক্রবার সকাল ১০টায় বনশ্রী আল-আকসা জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুমা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের আল মারকাজ জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা শেষে মিজানকে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, হাসিবুল ইসলাম মিজান ‘আমার স্বপ্ন তুমি’, কপাল, জন্ম, ‘হৃদয়ে আছো তুমি’সহ বেশ কিছু ছবি নির্মাণ করেন। এর মধ্যে ‘আমার স্বপ্ন’ তুমি সর্বাধিক ব্যবসা সফল হয়। এই ছবিতে অভিনয় করেন শাবনূর, ফেরদৌস ও শাকিব খান। তার নির্মাণাধীন ছবির মধ্যে রয়েছে ‘ফুলবানু’, ‘পাগল প্রেমিক’ ও ‘মনে মনে প্রেম’। ছবিগুলোর কাজ এখনো শেষ হয়নি।