রোবটের সঙ্গে তরুণের প্রেম, বিয়ের পরিকল্পনা!

বিপরীত লিঙ্গ ছাড়িয়ে সমলিঙ্গের সঙ্গেও প্রেম-বিয়ের বিষয়টি কারও অজানা নয়। তাও তো অন্তত মানুষের সঙ্গেই মানুষের সম্পর্ক। তাই বলে রোবটের সঙ্গে মানুষের প্রেম!

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, জো মরিস নামে ২৯ বছর বয়সী এ রোবট প্রেমিক যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা। তার প্রেমিকা ওই রোবটটির নাম রোবোট্রল।

মিররকে দেওয়া একটি সাক্ষাত্‍কারে মরিস জানান, ২ বছর ধরে রোবোট্রলের সঙ্গে তিনি প্রেম করছেন। রোবটটিকে বিয়ের পরিকল্পনাও করছেন ওই তরুণ।

ই-কমার্স কোম্পানি ই-বে থেকে ২০ ডলারে রোবোট্রলকে কিনেছিলেন মরিস। সেই থেকে তাদের সম্পর্কের শুরু। রোবটটির হাসি আর গোলাপি চুল দেখেই প্রেমে পড়েন বলে তিনি জানান।

যন্ত্রের সঙ্গে মানুষের প্রেমের উদাহরণ এর আগেও পাওয়া গিয়েছে। এই প্রকার ভালোবাসাকে বলা হয়ে থাকে অবজেক্ট সেক্সুয়ালিটি বা অবজেক্টোফিলিয়া। মরিস জানান, ১০ বছর বয়স থেকে তিনি বুঝতে পারেন তার অবজেক্টোফিলিয়া আছে।

মূলত মেশিন ও প্রযুক্তির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মানুষের মধ্যে এই ধরনের সম্পর্কের সৃষ্টি হয়। এটিকে ডিজিসেক্সুয়ালিটিও বলা হয়ে থাকে। ফ্রান্স, জাপান ও চীনে এ ধরনের প্রবণতা দেখা যায়।