ট্রাম্পের পিছু ছাড়ছে না ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বাধাগ্রস্ত করার অভিযোগ প্রমাণে চেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন ডেমোক্রেটিক পার্টির নেতারা। তারা প্রতিবেদন প্রস্তুতকারী রবার্ট মুলারের প্রকাশ্য সাক্ষ্য চেয়েছেন মার্কিন আইনসভা কংগ্রেসে। গত বৃহস্পতিবার প্রতিবেদনের কাটছাঁট করা অংশ প্রকাশ হওয়ার পর বিরোধী দলটির নেতারা এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

দ্য হাউস জুডিশিয়ারি প্যানেল চেয়ারম্যান জেরল্ড নাদলার গতকাল শুক্রবার বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে একটি সমন জারি করেছেন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মুলারের প্রতিবেদনে ট্রাম্প পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে মন্তব্য করেছে তার আইনজীবী দল। তবে প্রতিবেদনটিতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাত নেই জানানো হলেও প্রেসিডেন্ট ন্যায়বিচার বাধাগ্রস্ত করেননি, সরাসরি এমন কোনো কথা বলা হয়নি। এতে আরও বলা হয়, কয়েকবার ট্রাম্প অনুসন্ধান বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এর মধ্যে মুলারকে বরখাস্ত করার চেষ্টাও রয়েছে। বাছাইকৃত ৪৪৮ পাতার প্রতিবেদনটি রবার্ট মুলারের ২২ মাসের অনুসন্ধানের ফল। তাকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও ট্রাম্পের প্রচার দলের সঙ্গে সম্ভাব্য রুশ সংযোগের তদন্তের জন্য নিযুক্ত করা হয়। তার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রচার দল ও রাশিয়ার মধ্যে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র পাওয়া যায়নি। তবে ট্রাম্প অনুসন্ধান বাধাগ্রস্ত করতে চেয়েছেন কি নাÑ সে বিষয়ে দৃঢ় আইনি কোনো ইতি টানা হয়নি এতে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের পর প্রেসিডেন্ট সুনিশ্চিতভাবে বিচার বাধাগ্রস্ত করেননি, এমন আস্থা থাকলে আমরা তা উল্লেখ করতাম। তথ্য ও প্রয়োগযোগ্য আইনি মানদণ্ডের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে অক্ষম। অতএব এই প্রতিবেদন এমন ইতি টানছে না যে, প্রেসিডেন্ট অপরাধ করেছেন। আবার এটি তাকে রেহাইও দিচ্ছে না।’ এ বিষয়ে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস নেতা ন্যান্সি পেলোসি ও চাক শুমার এক যৌথ বিবৃতিতে বলেন, এই প্রতিবেদন প্রেসিডেন্টের একটি বিরক্তিকর ভাবমূর্তি তুলে ধরে, যিনি প্রতারণা, মিথ্যা ও অযাচিত আচরণের জাল বুনেছেন।

ডেমোক্রেটিক পার্টি এরই মধ্যে পূর্ণ, কাটছাঁটহীন প্রতিবেদন পাওয়ার চেষ্টা শুরু করেছে। একই সঙ্গে মুলারকে কংগ্রেসে শুনানিতে আনার চেষ্টাও চালাচ্ছে তারা। দলটির কংগ্রেস সদস্য জ্যাকি স্পিয়ার বিবিসিকে বলেন, মুলার মূলত বল কংগ্রেসের দিকে ঠেলে দিয়েছেন। এখন কংগ্রেসের উচিত বিচার বাধাগ্রস্ত করার বিষয়টির পেছনে ছোটা। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকেও ছাড় দেননি। তারা তার বিরুদ্ধে ‘বিভ্রান্তি’র অভিযোগ আনেন। মুলারের বহুল প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশের আগে উইলিয়াম বার সংবাদ সম্মেলন করেন। এতে তিনি ট্রাম্পের পক্ষ নেন। প্রতিবেদনটিকে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টকে অভিশংসনের সম্ভাব্য উপকরণ মনে করা হচ্ছিল। তবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠ নেতা স্টেনি হয়ার বলেন, এই সময়ে প্রতিবেদনটি এর জন্য যথেষ্ট নয়।