মালিতে প্রধানমন্ত্রী ও সরকারের পদত্যাগ

চার সপ্তাহ আগে মালির ওগোসসাগো গ্রামে গণহত্যার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী সুমেইলু বউবেয়ে মাইগা এবং সরকার পদত্যাগ করেছে বলে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট ইব্রাহিম বউব্যাচার কিয়েতার কাছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যরা পদত্যাগপত্র জমা দেন।

প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দ্রুতই নতুন প্রধানমন্ত্রীর নাম প্রকাশ করা হবে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন সরকার গঠিত হবে।’

মালির সীমান্তবর্তী ওগোসসাগো গ্রামে সন্ত্রাসী হামলায় ফুলানি সম্প্রদায়ের ১৬০ জন নিহত হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী ও তার সরকার পদত্যাগ করেছে। সীমান্তবর্তী সশস্ত্র সম্প্রদায়গুলোকে নিরস্ত্র না করতে পারায় দেশটির সরকারের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছে জনগণের।

গত ২৩ মার্চের গণহত্যার ঘটনায় দায়ী দোগান সম্প্রদায়ের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।