যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি এলাকায় দাঙ্গার সময় গুলিতে লিরা ম্যাককি (২৯) নামে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
এ হামলার জন্য পুলিশ বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকানদের দায়ী করেছে। পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ডের (পিএসএনআই) পক্ষ থেকে জানানো হয়, নিউ আইরিশ রিপাবলিকান আর্মি (নিউ আইআরএ) হত্যার নেপথ্যে থাকতে পারে। গোয়েন্দারা এরই মধ্যে হত্যা তদন্ত শুরু করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে হত্যাকে ‘বেদনাদায়ক ও কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ম্যাককি এমন এক সাংবাদিক, যিনি বিরাট সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। পিএসএনআইয়ের ভাষ্য, গত বৃহস্পতিবার রাতে এক বন্দুকধারী পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছে। অন্যদিকে এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, ওই রাতে মুখোশধারী এক বন্দুকধারী রাস্তায় প্রকাশ্য গুলি ছুড়ছিল।