বেনফিকাকে কাঁদিয়ে সেমিতে ফ্রাঙ্কফুর্ট

সেমিফাইনালে ওঠার কথা ছিল বেনফিকার। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠে ৪-২ ব্যবধানে জিতেছিল তারা। কিন্তু ফিরতি লেগে এভাবে হৃদয় ভাঙবে তাদের তা কল্পনাও করেনি বেনফিকা। দ্বিতীয় লেগে জার্মান প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরে গেছে পর্তুগিজ ক্লাবটি। এতে দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় সমান ৪-৪। কিন্তু দুটি অ্যাওয়ে গোল করায় ফ্রাঙ্কফুর্ট সেমিফাইনাল নিশ্চিত করে। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বেনফিকা।

এদিকে কোয়ার্টার ফাইনালের ‘অল স্প্যানিশ’ লড়াইয়ে সহজ জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। স্বদেশি প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে দুই লেগেই সহজে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় লেগে স্বাগতিক ভ্যালেন্সিয়া ২-০ গোলে জিতেছে। প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে ৩-১-এ জিতেছিল ভ্যালেন্সিয়া। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৫-১।