অভয়নগর উপজেলায় ‘লাইফকেয়ার নিউট্রাসিউটিক্যাল’ নামে একটি নকল ওষুধ কারখানার সন্ধ্যান পেয়েছে র্যাব। গতকাল শুক্রবার ভোরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘সেকনো ২০’ (গ্যাসট্রিক আলসার প্রতিরোধক) নামে নকল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় ওষুধ তৈরির কাঁচামাল, কাগজপত্র ও দুইটি আধুনিক মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
অভিযানের সময় আল-আমিন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করার কথা জানায় র্যাব। তবে কারখানার মালিক আতাউর রহমান প্রিন্স পালিয়েছেন।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি সুরাত আলী জানান, উপজেলা পরিষদ ও আকিজ জুট মিলের মাঝামাঝি গুয়াখোলা গ্রামে খানজাহান আলী সড়কের ৪৬৪নং বাড়িতে নকল ওই ওষুধ কারখানা গড়ে তোলা হয়। গোপন সংবাদে তারা বিষয়টি জানেন। পরে গতকাল ভোরে অভিযান চালান।