চট্টগ্রামে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

স্বাধীনতাবিরোধীদের ক্ষমতার মসনদে বসান জিয়া

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতাকারীদের রাজনীতি করার সুযোগ ও ক্ষমতার মসনদে বসিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়ে পুনর্বাসিত করেছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কেউ সাহস করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র সাহস করে এই বিচার সম্পন্ন করেছেন। উনি দেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন। জাহানারা ইমামের মতো সাহসী নারী সেদিন জামায়াতের বিচারের দাবিতে রাজপথে দাঁড়িয়েছিলেন। আর প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যবস্থা করেছেন। কীভাবে, কখন, কোথায়, কী করতে হবে, তিনি ভালোভাবে বোঝেন। এই সোনার বাংলা বিনির্মাণে তিনি এগিয়ে যাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘অনেকে বলেন, পাকিস্তান আমলে ২৪ বছর ধর্মের ওপর রাজনীতি হয়েছে। দেশ স্বাধীন হযেছে ৪৯ বছর। আমরা মাত্র ১৯ বছর। আর ৩০ বছর ওরা শাসন করেছে। দেশটা স্বাধীন শুধু পতাকা বা ভূখণ্ডের জন্য করিনি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ভাত, কাপড়, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা রাষ্ট্র করবে। আমরা এর কাছাকাছি অবস্থানে চলে এসেছি।’ সভায় সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি সভাপতিত্ব করেন।