জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক গুণগুলো শিশুদের কোমল মনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর মতো নেতা জাতির জীবনে সব সময় আসে না। আমরা ধন্য যে বঙ্গবন্ধুর ন্যায় নেতা পেয়েছিলাম’।
তিনি শনিবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দেশরত্ন শেখ হাসিনা রচিত “আমার পিতা শেখ মুজিব” অবলম্বনে “খোকা যখন ছোট্ট ছিলেন” গ্রাফিকস বইয়ের প্রকাশনা ও এনিমেটেড ফিল্মের প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন।
এর আগে ফিতা কেটে ও গ্রাফিকস বই এর মোড়ক উন্মোচনের মাধ্যমে উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
স্পিকার বলেন, দেশরত্ন শেখ হাসিনা রচিত “আমার পিতা শেখ মুজিব” অবলম্বনে “খোকা যখন ছোট্ট ছিলেন” গ্রাফিকস বই ও এনিমেটেড ফিল্ম প্রদর্শনী বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাহায্য করবে।
স্পিকার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে খোকা যখন ছোট্ট ছিলেন গ্রাফিকস বই ও এনিমেটেড ফিল্ম প্রদর্শন এবং সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের উদ্যোগ নেবেন বলে জানান। তিনি বলেন, সকল সংসদ সদস্য যাতে এ উদ্যোগ নেয় সে ব্যাপারেও তিনি ব্যবস্থা নেবেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের বুক কর্নারে এ বই ও ফিল্ম সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করে বলেন, শুধু সংরক্ষণ নয় বইগুলো পড়তে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজন করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন নেতা। আজীবন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন তিনি। বঙ্গবন্ধুর জীবন আদর্শ আমাদের তার গভীর জীবনবোধ, রাজনৈতিক দর্শন এবং দেশ ও জনগণের প্রতি অপরিসীম ভালোবাসার কথাই মনে করিয়ে দেয় প্রতিনিয়ত।
স্পিকার বলেন, নদী, মাটি আর কাদাজল মেখে বেড়ে ওঠা খোকা ছিলেন অদম্য সাহসী আর প্রতিবাদী। বঙ্গবন্ধু ছিলেন সেই মহান নেতা যিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাননি। দেশের মানুষের প্রতি নিবিড় ভালোবাসা বঙ্গবন্ধুর আসন স্থায়ী করে রেখেছে প্রতিটি বাঙালির হৃদয়ে।
এ সময় তিনি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, পৃথিবীর কোন দেশেই জাতির পিতাকে নিয়ে বিতর্ক নেই। সেরকম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকতে পারে না—এ ব্যাপারে কোন আপস চলবে না।
প্রতিমন্ত্রী বলেন, একটি মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জোনায়েদ হালিম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী "মুজিব বর্ষ" উপলক্ষে হাসুমণির পাঠশালার উদ্যোগে দেশব্যাপী আমার পিতা শেখ মুজিব উৎসব পর্যায়ক্রমে সারা দেশে পরিচালিত হবে।