কোণঠাসা আইএসের হামলায় ৩৫ সিরীয় সেনা নিহত

সিরিয়ায় পরাজয়ের মুখে থাকা আইএস হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। গত দুই দিনে তাদের হামলায় ৩৫ জন সিরীয় সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় সেনাদের আক্রমণের মুখে গত কয়েক মাস ধরে বিপর্যস্ত জঙ্গি সংগঠন আইএস। গত মাসে তারা বাঘুজার নিয়ন্ত্রণ হারায়।

ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস বলছে, বাঘুজার দখল হারানোর পর এটাই আইএসের সবচেয়ে বড় হামলা।

নিজেদের সংবাদমাধ্যম ‘আমাক’এ শুক্রবার আইএস দাবি করে, তাদের হামলায় কমপক্ষে ২০ জন সেনা নিহত হয়েছে। আল-সুখানা এলাকায় ওই হামলা করা হয় বলেও জানায় তারা।

একদিন বাদে জানা গেল, আরেকটি হামলায় আরও ১৫ জন মারা গেছেন।

জঙ্গি সংগঠন আল-কায়েদার পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন। শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)। এর প্রতিষ্ঠা হয় ২০১৩ সালের এপ্রিলে। পরে নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে গত কয়েক বছরে এদের কার্যক্রম অনেকটা দুর্বল হয়ে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।