শহীদ মিনারে হিন্দি গান আর উদ্দাম নাচের 'মেয়র নাইট' (ভিডিও)

আলোয় ঝলমল পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে অনেক মানুষের জটলা। আয়োজন করা হয়েছে 'মেয়র নাইট'। হিন্দি গানের সঙ্গে চলছে উদ্দাম নাচ। 

পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বৃহস্পতিবার রাতে এমন আয়োজন দেখা গেছে। 

 প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশাখী উৎসবের অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র নাইটের আয়োজন করেন পৌর মেয়র বিপুল হাওলাদার। ওই অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী অশ্লীলভাবে নাচ করে।

এ ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। 

নুরুল হাফিজ জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটি শহীদ মিনারে হিন্দি গানে অশ্লীল নাচ পরিবেশনের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দেবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদার বলেন, 'ছোট্ট একটি মেয়ে একটি বাাংলা ক্লাসিক্যাল গানের সঙ্গে নাচ করার পরে দর্শকদের অনুরোধে আরো একটি গানে নাচ করে। গানটি হিন্দি হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে এ জন্য উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি। তবে একটি পক্ষ এই বিষয়টিকে রঙ মাখিয়ে ভিন্ন ভাবে উপস্থাপন করছে'।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই তরুণীর নাচ এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা তাদের মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করেছেন।